ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের তিন সহকর্মীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করার প্রতিবাদে রোববার (২৯ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
শ্রমিক ইউনিয়ন জানায়, জ্বালানি তেল পরিবহণের সময় তিনজন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় তারা এই কর্মবিরতির ডাক দেন। এর ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল সরবরাহসহ সংশ্লিষ্ট কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ আন্দোলনের প্রতি পেট্রল পাম্প মালিকরাও সমর্থন জানিয়েছেন।
শ্রমিকদের দাবি, নীলফামারীর পথে একটি তেলবাহী লরি যান্ত্রিক ত্রুটির কারণে থামিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাড়ি থেকে অল্প পরিমাণ পেট্রল ও ডিজেল উদ্ধারের অভিযোগে চালক ও সহকারীসহ তিনজনকে দণ্ড দেন।
এর প্রতিবাদে শ্রমিকরা পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, সড়কে পুলিশি হয়রানি ও অযৌক্তিকভাবে জেল-জরিমানা করার প্রতিবাদেই এই ধর্মঘট চলছে।
শ্রমিক নেতারা জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ এবং আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
