মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সিরিয়া জানিয়েছে, তাদের ভূখণ্ডে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।
দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী সিপান হেমো এক বিবৃতিতে জানান, সিরিয়ার কাসরাক এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরাক থেকে চারটি ড্রোন ছোড়া হয়। তবে সবগুলো ড্রোনই ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, এই হামলার জন্য ইরাককে দায়ী করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগের দিনও সিরিয়ার সেনাবাহিনী দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-তানফ ঘাঁটিকে লক্ষ্য করে একই ধরনের আরেকটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করে।
বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো অঞ্চলজুড়ে মার্কিন স্বার্থের ওপর হামলার দায় স্বীকার করে আসছে। পাল্টা হামলায় এসব গোষ্ঠীর ওপরও আঘাত হানা হচ্ছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
