জাতীয় সংসদ ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ মার্চ) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণ এমন একটি কার্যকর ও ন্যায়ভিত্তিক সংসদ প্রত্যাশা করে, যা রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র হিসেবে কাজ করবে।
অধিবেশনের শুরুতে নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-কে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে কোরআনের আয়াত ও হজরত আবু বকর (রা.)-এর শাসনামলের উদাহরণ তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান।
ডেপুটি স্পিকারের নিরপেক্ষ ভূমিকার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।
তিনি আরও বলেন, ডেপুটি স্পিকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে বিরোধী দল তার সব যৌক্তিক কার্যক্রমে সহযোগিতা করবে। পাশাপাশি কোনো ভুল হলে তা গঠনমূলকভাবে সংশোধনে সহায়তার আশ্বাস দেন তিনি।
