ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ তৃতীয় দিনে কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে যুক্ত ভিডিও ও প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, বিমানটি কুয়েতের আলি আল সালেম ঘাঁটির কাছাকাছি আকাশে বিধ্বস্ত হয়।
ভিডিওতে দেখা যায়, জেট বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং তা দ্রুত নিচে পড়ে। বিমানটি ঘাঁটির মাত্র ১০ কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়। যদিও সঠিক কারণ জানা যায়নি, তবে দুটি ইঞ্জিনবিশিষ্ট এফ-১৫ বা এফ/এ-১৮ বিমানটির সঙ্গে মিল রয়েছে। কুয়েতও এফ/এ-১৮ বিমান পরিচালনা করে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পাইলট দ্রুত বিমানের বাইরে বের হতে সক্ষম হন এবং অক্ষত আছেন। তবে বিধ্বস্ত বিমানটি কুয়েতের একটি তেল শোধনাগারের মধ্যে পড়ে গেলে সেখানে কাজ করা দুই শ্রমিক আহত হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
