অবৈধভাবে কুমিল্লার গোমতী নদীর মাটি কাটা বন্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
গত ২৬ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পানি উন্নয়ন বোর্ড-পাউবোকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার এই আদেশ দেন।
আদেশের অনুলিপি জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ওসিদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে ‘গোমতীর মাটির সঙ্গে গাছপালাও উজাড় হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নদী রক্ষায় দ্রুত এই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “সংবাদ প্রচারিত হওয়ার পর আমরা পানি উন্নয়ন বোর্ডকে নদী রক্ষায় নিয়মিত মামলা দায়ের করতে বলেছি।
“কারণ মোবাইল কোর্টের অভিযানে সাধারণত শুধু মাটি বহনকারী ও শ্রমিকদের পাওয়া যায়; মূল ব্যবসায়ীরা ধরা পড়ে না।”
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে কুমিল্লার গোমতী নদীর চর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। একই সঙ্গে উজাড় করা হচ্ছে গাছপালাও।
চরজুড়ে বিশাল বিশাল গর্ত করে মাটি উত্তোলন করায় সেখানকার কৃষিও হুমকির মুখে পড়েছে বলে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন। এতে ফসলি জমি নষ্ট হওয়া ছাড়াও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
টিক্কার ব্রিজ, শাওয়ালপুর, গোলাবাড়ি, সামারচর, রত্নাবতী, বানাশুয়া, পালাপাড়াসহ শতাধিক স্থানে চরের মাটি কেটে নেওয়া হয়েছে। এছাড়া মাটি বহনকারী ট্রাক ও ট্রাক্টরের চাকার ঘর্ষণে ক্ষয় হচ্ছে শহর রক্ষা বাঁধও।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, “গোমতীর চরে প্রায় ৫৯ হাজার কৃষক সবজি উৎপাদনের সঙ্গে জড়িত। এখানকার সবজি কুমিল্লার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তবে চরের মাটি কাটায় সবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
মামলার নির্দেশের পর পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার বলেন, “আমরা নিয়মিত মামলা সব সময়ই করি। আমাদের জায়গায় কেউ মাটি কাটলেই মামলা করবো।”
এবিষয়ে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “গোমতী নদী রক্ষা আমাদের সবার দায়িত্ব। সব বিভাগের সমন্বয়ে নদী রক্ষা করতে হবে। পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে একসাথে কাজ না করলে গোমতী রক্ষা সম্ভব নয়৷”
