পাকিস্তান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ভারতের অশোক কুমার এবং গুরনাম সিং। তারা দুজনই পাঞ্জাব পুলিশে কর্মরত ছিলেন; একজন সহকারী উপ-পরিদর্শক এবং অন্যজন হেড কনস্টেবল।
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গুরুদাসপুর জেলার দোরাংলা থানার আদিয়ান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই পুলিশ সদস্য চেকপয়েন্টে মোতায়েন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ চেকপোস্টের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়। অন্য নিরাপত্তা কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় পান। তাঁদের গুরুদাসপুরের সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ বিভাগ ঘটনার প্রকৃতি নিশ্চিত করতে পারছে না। তারা তদন্ত করছে, দুই অফিসারের মধ্যে কোনো তর্ক বা তৃতীয় পক্ষের জড়িত থাকার সম্ভাবনা আছে কিনা। ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল থেকে অস্ত্র, কার্তুজ খোসা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং অন্যান্য চেকপোস্টকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি।
