ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।
পদত্যাগপত্রে তিনি উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এই সিদ্ধান্ত নেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন ঢাবি ও দেশের শিক্ষাখাতের উন্নয়নে তার অবদানের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
