ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেইজিং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান না।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর সঙ্গে সৌজন্য বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ সরকার চাইলে যে কোনো সময় প্রকল্পের কাজ শুরু করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের ওপর নির্ভর করছে।
রাষ্ট্রদূত আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে, তাই অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি পুনর্ব্যক্ত করে বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্বের পাশে এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির প্রতি বিশ্বাসী।
ইয়াও ওয়েন আশাবাদ ব্যক্ত করেন, সাবেক প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের মতো উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় যোগাযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে।
