বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস ঢাকা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে সফল ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় চীন। একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকেও অভিনন্দন জানিয়ে দেশটির পক্ষ থেকে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
চীনা দূতাবাস আরও জানায়, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং চীন-বাংলাদেশ সহযোগিতার ‘নতুন অধ্যায়’ রচনায় আশাবাদী।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি বিশাল জয় অর্জন করে। প্রাথমিক ফলাফলে দলটি অর্ধেকের বেশি আসন নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। বিশ্লেষকদের মতে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তর্জাতিক মহলের ইতিবাচক প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
চীনের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান-সহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে।
