জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান জনসমর্থনে আতঙ্কিত একটি মহল পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিত এসব তথ্য ছড়িয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, দেশ যখন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় রয়েছে, ঠিক সেই সময় কিছু পক্ষ নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে।
জামায়াত আমিরের ভাষ্য, দলের জনপ্রিয়তায় ভীত হয়েই একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচারে নেমেছে। তিনি এসব প্রচারণায় কান না দিতে সবার প্রতি আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার ও দায়িত্ব। প্রত্যেকে যেন নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেন—এটাই সবার প্রত্যাশা। পোস্টের শেষে তিনি আল্লাহর সাহায্য কামনা করেন।
