ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার ও টেলিকম অপারেটররা। ভোটের আগে যাতায়াতের চাপে বিভিন্ন এলাকায় কল ড্রপের অভিযোগ এলেও নির্বাচনদিনে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।
টেলিযোগাযোগ ও আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ রাখতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ত্রুটি দ্রুত সমাধানে ২৪ ঘণ্টা কাজ করবে স্পেশাল সাপোর্ট টিম। এবারের ভোটে কোনো ধরনের নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করা হবে না বলেও তিনি নিশ্চিত করেন।
মাঠপর্যায়ে নিরাপত্তা বাহিনীর প্রযুক্তিনির্ভর যোগাযোগ সচল রাখতে নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানো হয়েছে। গ্রামীণফোন, রবি ও বাংলালিংক জানিয়েছে—জরুরি টিম, ব্যাকআপ পাওয়ার ও সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে সেবা স্বাভাবিক রাখা হবে।
ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়েও দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে আইএসপিএবি। সংস্থাটির দাবি, বাড়তি জনবল প্রস্তুত রাখা হয়েছে যাতে কোথাও গতি কমে না যায় বা সংযোগ বিচ্ছিন্ন না হয়। বিটিআরসির নির্দেশনায় ব্রডব্যান্ড সেবাদাতারা দুই দিন বিশেষ সতর্কতায় থাকবে।
