ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো বিভিন্ন উদ্যোগ জনগণের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
তিনি আরও বলেন, দেশে বিনিয়োগের পথে অন্যতম বড় বাধা হচ্ছে সরকারি বিভিন্ন সংস্থার ধীর কার্যক্রম। বিনিয়োগকারীরা দ্রুত সেবা ও সমাধান প্রত্যাশা করলেও তা সময়মতো না পাওয়ায় হতাশা তৈরি হয়। সরকার এ পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমলাতন্ত্রে গতি এনে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং প্রতিনিয়ত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন। একই সঙ্গে সব মন্ত্রণালয়কে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ্বালানি খাত নিয়েও উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস ও তেল অনুসন্ধান ও উত্তোলনের কাজও শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
