কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণেই পরিচালিত হতে হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগীর স্থান থাকা উচিত নয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে এবং সাম্প্রতিক অপরাধের মাত্রা পূর্বের তুলনায় বেড়েছে বলে অনেকে মনে করছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিকভাবে সংখ্যালঘু হিসেবে বিবেচিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বিশ্বে ইতিবাচক বার্তা পৌঁছানো জরুরি। দেশের সকল ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ নিয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় সড়কের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
