হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের তেলের ট্যাংকারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮১৭-এর সরাসরি লঙ্ঘন। এতে আন্তর্জাতিক সামুদ্রিক পথে অবাধ চলাচলের বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বিবৃতিতে কাতার স্পষ্টভাবে জানায়, হরমুজ প্রণালিকে কোনো ধরনের দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা নিঃশর্তভাবে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।
কাতার আরও সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকলে অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এছাড়া প্রতিবেশী দেশের সম্পদের ওপর ইরানের ‘অযৌক্তিক হামলা’ বন্ধের আহ্বান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে দোহা।
বিশ্লেষকদের মতে, কাতারের এই অবস্থান উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্যকে আরও জোরালো করছে এবং হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিচ্ছে।
