দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও ইথিওপিয়া। এ লক্ষ্যে দুই দেশ পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন টিমোথিসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের মন্ত্রী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় ইথিওপিয়ার পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বাংলাদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইথিওপিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশের আগ্রহ ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
