কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ওয়াকফকৃত জমি থেকে মাটি বিক্রির অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সহ-সভাপতি শাহজাহান মিয়ার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সদস্যদের অভিযোগ, সিএস খতিয়ান অনুযায়ী নজুমদ্দিন (পিতা: সিয়া গাজী) ১৯৪১ সালের ২১ ফেব্রুয়ারি দলিল নং ২৫৫৭ মূলে ধিকদাইর মৌজার ৩৩৪ দাগে ৪৯ শতক জমি মসজিদের উন্নয়ন এবং ইমাম-মোয়াজ্জিনের বেতন-ভাতার জন্য ওয়াকফ করেন। তবে দীর্ঘদিন বিষয়টি গোপন রেখে জমিটি নিজেদের নামে রেকর্ড করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন মজুমদার বলেন, বিষয়টি আগে আমাদের জানা ছিল না।
পারিবারিক বিরোধের জেরে বিষয়টি প্রকাশ পেলে আমরা দলিল তল্লাশি করে নিশ্চিত হই যে জমিটি মসজিদের নামে ওয়াকফ করা। তিনি আরও জানান, অভিযুক্ত শাহজাহান মিয়া গোপনে ওই জমির মাটি বিক্রি করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ করা হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার দ্বীন ইসলাম ভূঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে জমি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আসছি। কিন্তু নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে। দ্রুত জমিটি মসজিদের নামে রেকর্ড সংশোধন করে এর আয় বৃদ্ধির ব্যবস্থা করা প্রয়োজন।
কমিটির উপদেষ্টা মোনায়েম হোসেন ভূঁইয়া বলেন, দলিল প্রকাশের পর আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করি। শুরুতে ইতিবাচক অগ্রগতি থাকলেও মাটি বিক্রির পর তিনি আর সমঝোতায় আসেননি।
এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান মিয়া মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদের জায়গা আমি কেন দখল করব? আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে জায়গাটি মসজিদের, তাহলে আমার কোনো আপত্তি নেই।
