দেশজুড়ে হামের বিস্তার ঠেকাতে শুরু হওয়া বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় প্রথম তিন দিনে মোট লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়। এর মধ্যে তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
তথ্য বিশ্লেষণে জানা যায়, আগামী ২২ এপ্রিল পর্যন্ত ছয় বিভাগের ৩০ জেলায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ৩ মে থেকে সারাদেশে এই কর্মসূচি বিস্তৃত করা হবে।
