হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন এ তথ্য নিশ্চিত করেছে।
জাহাজ চলাচলে ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো উৎপাদন পুনরায় শুরু করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই তেল উৎপাদন কমানো শুরু হয়েছে। সাধারণ সময়ে কুয়েত প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করে থাকে।
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে, ফলে এই অঞ্চলের যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রণালিটি ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনার পরই কুয়েত এই সিদ্ধান্ত নেয়।
এদিকে ইরান সতর্ক করে জানিয়েছে, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার ঝুঁকি অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজকের খবর/ এম.এস.এইচ
