যুদ্ধ পরিস্থিতির মধ্যে আতঙ্ক ও মানসিক চাপে ইরানে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিকট বিস্ফোরণের শব্দে ভয় পেয়ে ১০ বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
মঙ্গলবার প্রকাশিত খবরে জানানো হয়, শহরের বাইরে একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণের শব্দে শিশুটি চরম আতঙ্কে পড়ে যায়। পরবর্তীতে মানসিক আঘাতের কারণেই তার মৃত্যু হয়।
ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সামরিক স্থাপনায় হামলার পরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে, যার শব্দে শিশুটি ভয় পেয়ে গুরুতর মানসিক চাপে পড়ে।
যুদ্ধ শুরুর পর থেকে অনেক মানুষ নিরাপদ স্থানে যেতে পারছে না বা যেতে চাচ্ছে না। ফলে যুদ্ধের ঝুঁকি নিয়েই নিজ নিজ এলাকায় বসবাস করতে হচ্ছে তাদের।
এদিকে ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে।
রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, নিহত শিশুদের মধ্যে অনেকেই বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছে, যার মধ্যে মিনাব শহরের একটি বিদ্যালয়ে হামলায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু নিহত হয়।
