কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ফলে একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় সীমিত পরিসরে ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগুন নেভাতে দমকল বাহিনী মোতায়েন করা হয়। সংস্থাটির মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেলে কুয়েত বিমানবন্দর একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে ১৪ মার্চ একাধিক ড্রোন ব্যবহার করে বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হানার ঘটনা ঘটে।
এছাড়া ৮ মার্চের আরেকটি হামলায় ড্রোন জ্বালানি ট্যাঙ্কে আঘাত করে এবং তারও আগে যাত্রী টার্মিনালে হামলায় কয়েকজন সামান্য আহত হন ও কিছু অবকাঠামোগত ক্ষতি হয়। ধারাবাহিক এসব হামলায় বিমানবন্দরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আজকের খবর/ এম.এস.এইচ
