বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। তবে স্বল্পমেয়াদি ভ্রমণ ও দর্শনার্থী ভিসা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে।
সোমবার সকালে মার্কিন দূতাবাস ঢাকা–এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের অর্থে সরকারি সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, সেসব দেশের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। বাংলাদেশও সেই তালিকায় রয়েছে।
তবে দূতাবাস স্পষ্ট করেছে, এ সিদ্ধান্ত ভিজিটর বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কার্যকর নয়। যারা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে চান, তারা পূর্বের নিয়মে আবেদন ও সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এছাড়া ভিসা আবেদন গ্রহণ, সাক্ষাৎকার নির্ধারণ এবং দূতাবাসে সাক্ষাৎকার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেও জানানো হয়েছে।
