জামালপুর–এর ইসলামপুর সরকারি কলেজে পুরোনো রান্নাঘরের টিন বিক্রিকে কেন্দ্র করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর সরকারি কলেজের একটি জরাজীর্ণ রান্নাঘর ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি পুরোনো রান্নাঘরের ছাউনি খুলে ফেলা হয়। অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার বিকেলে কাউকে অবহিত না করে ওই টিন বাইরে বিক্রি করেন জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়া। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের পদ থেকে অব্যাহতি দেয়।
তবে একটি চিঠিতে দেখা যায়, গত রোববার উভয় নেতা রান্নাঘরের পুরোনো টিন ও অন্যান্য সামগ্রী কেনার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন ১০ হাজার টাকার বিনিময়ে ওই মালামাল তাদের কাছে বিক্রি করে।
ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, লিখিত আবেদনের ভিত্তিতেই পুরোনো টিন ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
