চিত্রনায়ক সালমান শাহ হত্যা অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রতিবেদন জমার নির্ধারিত তারিখ থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানা-র পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে কোনো প্রতিবেদন দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এ তারিখ নির্ধারণ করেন।
মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও (লুসি), খলনায়ক আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত। প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী হত্যা অভিযোগ এনে মামলাটি রূপান্তরের আবেদন করেন। আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), যারা সে সময় মৃত্যুকে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
পরবর্তীতে বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় নতুন করে মামলা দায়ের করা হয়।
বাদীপক্ষের অভিযোগ, মৃত্যুর সময় সালমান শাহর শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং ঘটনাস্থলে সন্দেহজনক পরিস্থিতি দেখা যায়। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
