রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।
সকালে কারাগার থেকে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন—যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান এবং ওসি (তদন্ত) জাকির হোসেন।
এ মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন, এসআই সাজ্জাদ উজ জামান ও মো. শাহদাত আলীসহ অন্যরা।
শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ২০ জুলাই কাজলা এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কাছ থেকে গুলি করে তাইমকে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করতে গেলে তার বন্ধু রাহাতকেও লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্দেশ প্রদান, উসকানি ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রাইমা ফেসি ভিত্তিতে অভিযোগ গঠনের আবেদন করা হয়, যা ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন।
