অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হলেও এখনো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও তিনি আপাতত সেখানেই রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী আরও তিন মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও তা ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অধ্যাপক ইউনূস। এরই অংশ হিসেবে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার যমুনা পরিদর্শন করেছে।
অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুছিয়ে নিচ্ছেন। মাস খানেক বা ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি যমুনায় বসবাস করে আসছেন। দায়িত্ব শেষে এখন তিনি ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। নথিপত্র গোছানো ও সাংগঠনিক কাজের পাশাপাশি অসুস্থ স্ত্রীর পাশে সময় দিচ্ছেন বলে জানিয়েছেন তার এক সহযোগী।
ঘনিষ্ঠ সূত্র বলছে, দীর্ঘদিন ধরে প্রচারিত তার ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের ভিশনকে সামনে রেখে নতুন কিছু উদ্যোগ নেওয়ার বিষয়ে ভাবছেন তিনি। যদিও এখনো কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করা হয়নি।
বিদেশ সফরের আমন্ত্রণও পাচ্ছেন অধ্যাপক ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সাবেক সমন্বয়ক লামিয়া মোরশেদ তার সফরসমূহ সমন্বয় করছেন। কোথায় সরাসরি উপস্থিত থাকবেন এবং কোথায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন, তা নিয়ে কাজ চলছে। আগামী মাসে পাঁচ দিনের সফরে জাপান যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
যমুনায় এখন আগের মতো রাষ্ট্রীয় ব্যস্ততা না থাকলেও তিনি নিয়মিত সকালবেলা হাঁটাহাঁটি করেন। নাশতার পর সকাল ১০টার দিকে কাজ শুরু করেন এবং আগ্রহী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে দেখা করতে আসছেন। কেউ অন্তর্বর্তী সরকার পরিচালনার অভিজ্ঞতা জানতে চান, কেউ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এদিকে, দায়িত্ব শেষ হওয়ার আগেই তিনি তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন।
