পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও মানবিকতার চর্চার সময় উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীর প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রমজান শুধু ইবাদতের মাস নয়; এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করারও সময়। নিজের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথাও ভাবতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার সংলগ্ন সড়কে মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষ চরম সংকটে পড়েছে। এ সময়ে তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতারসামগ্রী তুলে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। একজনের সামান্য সহায়তাও অন্যের ইফতারের আনন্দ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কয়েকশ দুঃস্থ ও স্বল্পআয়ের পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পুরো রমজানজুড়ে এই সহায়তা কার্যক্রম চলবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকতে পারে না; মানুষের মুখে হাসি ফোটানো এবং মৌলিক চাহিদা পূরণেও গুরুত্ব দিতে হবে। একটি মানবিক নগর গড়তে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, জনসেবাই রাজনীতির আসল লক্ষ্য। রমজানে মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ যখন বিপাকে, তখন তাদের পাশে দাঁড়ানো বড় দায়িত্ব ও সওয়াবের কাজ।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে এবং মহানগর যুবদল নেতা মো. ইদ্রিছ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু ও মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি উপস্থিত ছিলেন।
