দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর–এর পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পরিকল্পনা নিয়েছে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি-রফতানি কার্যক্রমকে মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা রয়েছে। বিগত সরকারের সময় মোংলা বন্দর নিয়ে হওয়া বিভিন্ন চুক্তি বাতিল হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চুক্তিগুলো আমরা স্টাডি করব। দেশের স্বার্থ রক্ষা হলে এবং আমাদের জন্য সহায়ক হলে সেগুলো পুনর্বিবেচনা করে কার্যকর রাখা হবে।”
জাতীয় অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে এটিকে একটি পূর্ণাঙ্গ ও সফল সামুদ্রিক বন্দরে পরিণত করা সম্ভব। বর্তমানে রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও তা আরও আধুনিক ও গতিশীল করা প্রয়োজন।
স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মোংলা বন্দরকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি। কিছু অবকাঠামোগত সুবিধা বাস্তবায়ন করা গেলে বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
আগামী ছয় মাসের মধ্যে বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।
