ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে পৌঁছান। তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পুরোনো অনেক কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে খোঁজখবর নেন তিনি।
দাফতরিক কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
সভায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সামাজিক ঐক্য জোরদার এবং পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
