দেশজুড়ে অগ্রাধিকারভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আগামী মাস থেকে শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রথম ধাপে উপকারভোগীদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এবং মোট ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্যরা এ কার্ডের মালিক হবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরিকল্পনা অনুযায়ী সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের মানুষ অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রেখেছে। ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই ক্ষমতার পরিবর্তন হতে হবে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং কোনো গোষ্ঠীর হস্তক্ষেপ বরদাশত করা হবে না। পাশাপাশি প্রশাসনকে অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়া জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
