ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বল্পমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক দল মাঠে কাজ শুরু করেছে। সংস্থাটি বলছে, বর্তমান নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক এবং এটি বাংলাদেশের জন্য নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পর্যবেক্ষকদের বিভিন্ন জেলায় পাঠানোর আগে এসব কথা জানান মিশন প্রধান ইভারস আইজাবস। তিনি বলেন, আজ থেকে মোট ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন এলাকায় নিজস্ব পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
ইভারস আইজাবস বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। এই নির্বাচন বাংলাদেশের জন্য নতুন গণতান্ত্রিক ও ঐতিহাসিক অধ্যায় শুরুর দুয়ার খুলে দিয়েছে।” তবে চূড়ান্ত মূল্যায়নের জন্য ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অবাধ ও বিশ্বাসযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, স্বল্পমেয়াদি দলের পাশাপাশি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরাও ইতোমধ্যে মাঠে রয়েছেন। সব মিলিয়ে প্রায় ২০০ সদস্যের একটি শক্তিশালী দল ভোটের দিন পর্যন্ত সক্রিয় থাকবে।
ইইউ জানিয়েছে, তাদের পর্যবেক্ষক দল কোনোভাবেই নির্বাচনী ফলাফলের প্রত্যয়ন করবে না। বরং নির্বাচনের স্বচ্ছতা, অন্তর্ভুক্তিতা এবং আইনগত কাঠামোর প্রয়োগ পর্যবেক্ষণই হবে তাদের মূল লক্ষ্য। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করবে মিশনটি।
