নির্বাচনে কোনো আসনে মব তৈরির চেষ্টা হলে শুধু একটি কেন্দ্র নয়, প্রয়োজনে পুরো আসনের ভোটগ্রহণই স্থগিত করা হবে বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভোট আয়োজন ব্যাহত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে তিনস্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
তিনি জানান, আগের নির্বাচনে দায়িত্ব পালন করা অনেক পুলিশ সদস্যকে এবার ভোটের দায়িত্বে রাখা হয়নি, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার আশা করছে।
পুলিশপ্রধান আরও বলেন, এই নির্বাচন বাহিনীর জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের বড় সুযোগ। কেন্দ্রভিত্তিক ফোর্স, ভ্রাম্যমাণ টিম ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সারাদেশে দায়িত্বে আছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য। তাদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও মাঠে থাকবেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে বলে জানান আইজিপি। প্রায় ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
