কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপি’র টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০,২০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
