কুমিল্লা নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে গুইংগাঝুরি খালে বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশ্বরোডের তামজিদ পাম্প সংলগ্ন এই খালটি পরিষ্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জানা গেছে, গতকাল রাত থেকে আজ পর্যন্ত এ কার্যক্রম সরাসরি তদারকি করছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এ কাজে কোনো ধরনের শৈথিল্য রাখা হবে না।
এদিকে, নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রেন বা খালে যেন কেউ নির্মাণ সামগ্রী, ময়লা-আবর্জনা, প্লাস্টিক বোতল বা পলিথিনজাত বর্জ্য না ফেলে। একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ে তুলতে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, চলমান এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
