সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পরবর্তীতে এসব আম ধ্বংস করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জব্দকৃত আমগুলো সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে নষ্ট করা হয়।
এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেটে সংরক্ষিত প্রায় ৯ হাজার কেজি আম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আমে বিষাক্ত কার্বাইড ব্যবহার করে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারে সরবরাহের চেষ্টা করছিল। এসব আম বাজারজাত হলে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি হতো।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
