মানহানির মামলায় আগাম জামিন পেতে হাইকোর্টে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে তিনি একই মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়, এক বক্তব্যে ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আমির হামজা, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
উল্লেখ্য, ২৬ মার্চ একটি বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে আলোচনার সময় এসব মন্তব্য করেন তিনি বলে অভিযোগ রয়েছে।
