লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আল-তিরি এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে একই সময়ে দক্ষিণ লেবাননের কান্তারা শহরেও ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। এনএনএর তথ্য অনুযায়ী, ওই হামলায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এতে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা সীমান্ত পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা দিতে পারে।
