চট্টগ্রাম নগরের ২ নম্বর ষোলশহর এলাকায় চিটাগাং শপিং কমপ্লেক্সে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় মার্কেটের উত্তর পাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়, ফলে ভেতরে প্রবেশ ও পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্যবসায়ীদের ধারণা, দ্বিতীয় তলার একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও সহযোগিতা করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
