কুমিল্লা মহানগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)।
গ্রেপ্তারকৃত জুয়েল একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, গত বুধবার ৮ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আসামিদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমাণ ইয়াবা নিজ হেফাজতে মজুদ রেখেছিল।
কোতোয়ালী মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
