গত সাত দিনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবহন মালিকরা অনেক ক্ষেত্রে যাত্রী আকৃষ্ট করতে নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছেন।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সরকারি ভাড়া যদি ৭০০ টাকা হয়, অনেক মালিক যাত্রী আকৃষ্ট করতে ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নিচ্ছেন। আবার কেউ ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকা নিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির আমরা গত সাত দিনে পাইনি।”
টার্মিনালের বাইরে বাস পার্কিং নিয়ে তিনি বলেন, যাত্রী ও বাসের সংখ্যা বেশি হওয়ায় সব বাসকে একসঙ্গে পার্কিংয়ের সুযোগ দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে বাস ঢুকছে ও বের হচ্ছে। রাস্তার চলাচল স্বাভাবিক রেখে আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি আরও ভালোভাবে ব্যবস্থাপনার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। এ জন্য মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম ও পুলিশের কন্ট্রোল রুম কাজ করছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেল সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু ব্যবস্থাপনাগত বিষয় থাকতে পারে, তবে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। তেলের দাম বাড়ানো হচ্ছে না বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
