সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং আইনে পরিণত না হওয়া পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের নয়। সংবিধান অনুযায়ী এমন কোনো পরিষদের অস্তিত্ব বর্তমানে নেই এবং বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন।
তিনি আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন যাতে সংসদের কার্যক্রমে নিরপেক্ষতা বজায় থাকে।
মন্ত্রী জানান, যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের কোনো পরিষদ গঠনের প্রয়োজন হয়, তবে প্রথমে সংবিধানে সংশোধনী আনতে হবে। বিষয়টি সংসদে আলোচনা হবে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে তা অন্তর্ভুক্ত হলে পরবর্তী ধাপে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।
