দেশে জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (১৫ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিতরণ পয়েন্টে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ অব্যাহত থাকবে।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ লাইনে সমস্যার সৃষ্টি হওয়ায় সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই প্রেক্ষাপটে জ্বালানি তেল বিতরণে সাময়িকভাবে রেশনিংসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
তবে ইতোমধ্যে আমদানি করা কয়েকটি জ্বালানি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাশাপাশি আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সরকার জানিয়েছে, এর ফলে দেশের সব বিতরণ পয়েন্ট থেকে এখন চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হবে।
