কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন চেহরিয়া পশ্চিম পাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ী পর্যন্ত নির্মাণাধীন সড়কের কাজের ইট চুরির অভিযোগ উঠেছে স্থানীয় খামারী শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে।
সড়ক নির্মাণ কাজে ব্যবহারের জন্য রাখা ইটের মধ্যে থেকে প্রায় ৫ হাজার ইট চুরি হয়ে যায়। স্থানীয়রা খোঁজ নিয়ে দেখতে পান, দৌলতপুর ভূঁইয়া বাড়ির শাহ আলমের গরুর খামার ও ২টি পুকুরে ওই ইটগুলো রাখা রয়েছে।পরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় চুরি হওয়া প্রায় ৫ হাজার ইট ওই খামার ও পুকুর থেকে উদ্ধার করা হয়।বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেরিয়া ইউনিয়নের চেহরিয়া পশ্চিম পাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ী পর্যন্ত প্রায় ১৩৯০ মিটার সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির কাজ স্থানীয় আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা জানান, সরকারি উন্নয়নমূলক কাজের সামগ্রী চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রাস্তাটির তত্ত্বাবধায়ক আলাউদ্দিন বলেন, চেহরিয়া পশ্চিম পাড়া থেকে দৌলতপুর দারোগাবাড়ী পর্যন্ত ১৩৯০ মিটার রাস্তার কাজটি আমার তত্ত্বাবধানে চলছে। আমার এস্টিমেটে যে ইট ধরা ছিলো তার থেকে ১০হাজার ইট বেশি এনেছি। এখনো আমার এজেনের কাজ শেষ হয়নি। তখন আমার সন্দেহ হয়। আমি গোপনে খোঁজখবর নিতে থাকি।পরে এলাকাবাসীর মাধ্যমে ভূঁইয়া বাড়ির শাহ আলমের গরুর খামার ও ২টি পুকুর থেকে প্রায় ৫ হাজার ইট উদ্ধার করি। আমি এলাকাবাসী ও প্রশাসনের নিকট এর বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলম কে মুঠো ফোনে কল দিলে তিনি বলেন, এ বিষয়ে আনোয়ার মেম্বারের সাথে কথা বলুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন,বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। ঠিকাদার থেকে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
