আসন্ন রমজান মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কার্ড চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রমজানেই কার্যক্রম শুরু হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে যেন অন্তত পরীক্ষামূলকভাবে ঈদের পূর্বেই উদ্যোগটি বাস্তবায়ন করা যায়।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে বলা হয়েছে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু না হলে এর প্রভাব নির্বাচনে পড়তে পারে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো জটিলতা নেই। বর্তমানে কেবল কার্যপ্রণালি ও বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।
