প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ পৃথকভাবে সাক্ষাৎ করেন।
এদিন দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। জানা গেছে, তিনি ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন। এর আগে বুধবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ের নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারেক রহমান। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
