প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণে তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, ভোটারদের নিরাপত্তা ও ভোটগ্রহণের নিয়মাবলি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা জানাবেন।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হবে সিইসি’র ভাষণ। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও বিটিভি’র ফিড ব্যবহার করে এটি সম্প্রচার করবে। নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সিইসি ভাষণে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে উদ্বুদ্ধ করবেন। এছাড়া একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করবেন।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত ভোট চলবে।
