আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, চিকিৎসা ও ঔষধ পরিবহন, সংবাদপত্র বহনকারী যানবাহন এবং টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরগামী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের নির্ধারিত ছোট যানবাহন, সাংবাদিক এবং নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনও চলাচল করতে পারবে।
প্রয়োজনে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে।
