দেশের জনপ্রিয় অভিনেত্রী Dilara Zaman-কে দর্শক বরাবরই দেখেছেন পর্দার মমতাময়ী মা হিসেবে। তবে বাস্তব জীবনের মা দিলারা জামানকে এবার তুলে ধরেছেন তার মেয়ে জুবায়রা জামান চৌধুরী।
মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে জুবায়রা জানান, অভিনয় ও থিয়েটারে দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও সন্তানদের বড় করে তোলার জন্য দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন দিলারা জামান। চট্টগ্রামে থিয়েটার করার সময় তিনি ‘অরিন্দম’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঢাকায় এসে সংসার, সন্তান ও শিক্ষকতার দায়িত্ব সামলাতে গিয়ে অভিনয় ছেড়ে দেন।
জুবায়রার ভাষায়, তাদের স্কুলে আনা–নেওয়া থেকে শুরু করে রান্না, বাজার—সবই নিজ হাতে করতেন তার মা। গৃহপরিচারিকার রান্না তারা কখনো খাননি। সন্তানদের চোখের আড়াল করতেন না বলেই একই স্কুলে ভর্তি করিয়েছিলেন।
তিনি জানান, পরে লেখক Humayun Ahmed-এর জনপ্রিয় নাটক Ei Shob Din Ratri দিয়ে অভিনয়ে ফেরেন দিলারা জামান। কিন্তু তখন থেকেই তাকে মূলত মা চরিত্রেই বেশি দেখা যেতে থাকে।
জুবায়রার মতে, এই ধরনের চরিত্রে অভিনয় করা ছিল অনেকটা পরিবারের জন্য তার মায়ের আত্মত্যাগের অংশ। কারণ তখনও তার মধ্য বয়স, অন্য ধরনের চরিত্রেও অভিনয়ের সুযোগ ছিল।
মায়ের ব্যক্তিত্ব নিয়ে বলতে গিয়ে তিনি জানান, দিলারা জামান ছিলেন অত্যন্ত কঠোর ও শৃঙ্খলাপরায়ণ। সন্ধ্যার পর বাইরে থাকা, বন্ধুদের সঙ্গে অবাধ মেলামেশা—এসব বিষয়ে ছিল কড়াকড়ি। তবে এই শাসনের মধ্য দিয়েই সততা ও নৈতিকতার শিক্ষা পেয়েছেন তারা।
জুবায়রা আরও বলেন, তার মা অত্যন্ত উদার মনের মানুষ। কারও চিকিৎসা, পড়াশোনা বা প্রয়োজনে নিজের সঞ্চয়ের টাকাও খরচ করে ফেলেন। অনেকে সুযোগ নিলেও তিনি কাউকে ফেরাতে পারেন না।
বর্তমানে শারীরিক নানা সমস্যায় ভুগলেও কাজই দিলারা জামানের সবচেয়ে বড় সঙ্গী বলে মনে করেন তার মেয়ে। তার ভাষায়, কাজই অভিনেত্রীকে একাকিত্ব থেকে দূরে রাখে।
