রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতের দিকে রমনা থানার আওতাধীন মনোয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হারুন কিশোরগঞ্জ সদর উপজেলার পাটকা কাঠালিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারসহ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মতে, ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার প্রস্তুতির সময় গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে একটি পিকআপভ্যান এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যান ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
