দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরের মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনের সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার একটি গুণগত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে এই ড্রেস বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটি দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।
এছাড়া শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনাও রয়েছে। নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াই-ফাই সুবিধা এবং ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নে স্মার্ট ক্লাসরুম ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
এদিকে, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
