কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এই বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী জব্দ করেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে এক বিবৃতির মাধ্যমে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সেক্টরের অধীনস্থ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পথে চোরাকারবার রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনার পর থেকে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সীমান্ত ঘেঁষা কয়েকটি এলাকায় এই বিশেষ আভিযানিক কার্যক্রম চালানো হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহল দল এসব স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যানসহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ পণ্য আটক করতে সক্ষম হয় তারা।
বিজিবির জব্দকৃত সামগ্রীর বিশাল তালিকায় রয়েছে— উন্নতমানের শাড়ি, কসমেটিকস, বাসমতী চাল, জিরা, মেহেদি, সাবান, ফুচকা, আতশবাজি ও বিভিন্ন ধরনের দামি ওষুধপত্র। উদ্ধারকৃত এসব চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা বলে নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অবৈধ পণ্যগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে। সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান নির্মূলে বিজিবির এই কঠোর গোয়েন্দা নজরদারি ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন।
প্রতিবেদক আজকের খবর /আব্দুর রহমান সাঈফ
